সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় প্রকল্প চত্ত্বরে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে সুফলভোগীদের মাঝে পোনা মাছ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পোনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মো. ইব্রাহিম হামিদ শাহীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সমাজভিত্তিক মৎস্য প্রকল্পের সুফলভোগী সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট পুকুর কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিকল্পিত ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব জলাশয় থেকে টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। অনুষ্ঠান শেষে সুফলভোগী সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ হস্তান্তর করা হয়। শ্যামল কুমার হালদার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি